মাদরাসা বন্ধ থাকার সুযোগে সিরাজগঞ্জ তাড়াশে বিনোদপুর-খড়খরিয়া এবং কুসুম্বী দাখিল মাদরাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে ঘুষ নিয়ে নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের না জানিয়ে নিয়োগ দেওয়ায় মঙ্গলবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিনোদপুর-খড়খরিয়া ও কুসুম্বী দাখিল মাদরাসার সভাপতি ও স্থানীয় বারুহাঁস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ও মাদরাসার সুপার মাওলানা আব্দুল হামিদ নিজেদের পছন্দমতো কমিটি করে মঙ্গলবার ১৫ লাখ টাকার বিনিময়ে নিরাপত্তা প্রহরী পদে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে নিয়োগ দেন। বিষয়টি টের পেয়ে মাদরাসা পরিচালনা কমিটির অন্য সদস্যরা প্রতিবাদ করেন। পরে আয়া পদে নিয়োগ বন্ধ রেখে নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দিয়ে তড়িঘড়ি করে সভাপতি ও মাদরাসা সুপার ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাকসহ একাধিক ব্যক্তি জানান, মাদরাসা বন্ধ থাকায় কৌশলে সভাপতি ও সুপার টাকার বিনিময়ে ওই নিয়োগ দিয়েছেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও মাদরাসার সভাপতি ও সুপার আর্থিক সুবিধা নিয়ে আরও দুটি পদে নিয়োগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসার সভাপতি বারুহাঁস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ও সুপার মাওলানা আব্দুল হামিদ। তারা জানান, স্বচ্ছতার ভিত্তিতেই নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ইউএনও মেজবাউল করিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।